স্রোতে ভেসে নিখোঁজ দুই সন্তান, নদীর পাড়ে অপেক্ষায় মা
বান্দরবানের তারাছার বাধরা ঝর্ণার পাশে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে ৮ পর্যটক স্রোতে ভেসে যান। ছয় জনকে স্থানীয়রা উদ্ধার করলেও সন্ধান মেলেনি দুই ভাইবোনের। উদ্ধারকর্মীরা চলে গেলেও সন্তানদের অপেক্ষায় নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন মা।
উদ্ধার ছয় জনের একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। তার নাম- মারিয়া ইসলাম। নিখোঁজ দুজন হলেন- মো. আহনাফ আকিব (২২) ও আদনিন (১৬)।
শুক্রবার ৩টার দিকে এ ঘটনা ঘটে। তারা সবাই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বান্দরবানে গেছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবান থেকে ১০ পর্যটক নৌকাতে করে সাঙ্গু নদীপথে বেতছড়ায় বেড়াতে আসেন। এ সময় বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদীতে গোসল করতে নামলে আট জনই নদীর স্রোতে ভেসে যায়। হাসপাতালে আনার পথে এক পর্যটকের মৃত্যু হয়েছে। দুজন নিখোঁজ রয়েছেন।
ঘটনার পরপরই ঊদ্ধার কর্মীরা নিখোঁজ ভাইবোনের উদ্ধারে কাজ শুরু করে। দুর্গম এলাকা ও পানি অত্যধিক ঠান্ডা হওয়ায় রাত ৮টার পর উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করা হয়। এদিকে সন্তানদের নিখোঁজের খবরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ছুটে যান মা সাইদা শিউলী ও মামা শামীম। উদ্ধারকাজ বন্ধ করে উদ্ধারকর্মীরা চলে গেলেও ঘটনাস্থল নদীর তীরে দাঁড়িয়ে ছিলেন মা-মামা।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী প্রদীপ ত্রিপুরা বলেন, নদীর পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ আছে। শনিবার সকাল ৭টা বা ৮টার মধ্যে আবার উদ্ধার কাজ শুরু হবে।