চট্টগ্রাম-কলকাতা সরাসরি ফ্লাইট চালু ৬ জানুয়ারি
দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে কলকাতা সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আগামী ৬ জানুয়ারি। ড্যাশ-৮-৪০০ সিরিজের উড়োজাহাজ দিয়ে এ রুটে যাত্রী পরিবহন করবে স্পাইস জেট এয়ারলাইন্স।
স্পাইস জেট লিমিটেডের চট্টগ্রামের ইনচার্জ আসিফ চৌধুরী বলেন, বাংলাদেশ-ভারত এয়ার বাবল চুক্তির আওতায় চট্টগ্রাম-কলকাতা রুটে কেবল আমরাই ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছি। সপ্তাহে চারদিন রোববার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সকাল ১০টা ১৫ মিনিটে রওনা দেবে। আর কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে সকাল সোয়া ৭টায়।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা রুটে সর্বশেষ ফ্লাইট ছিল চলতি বছরের ১১ এপ্রিল। করোনার সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা এলে এ রুটেও ফ্লাইট বন্ধ হয়ে যায়।
২০২০ সালের নভেম্বরে চট্টগ্রাম থেকে সরাসরি কলকাতায় ফ্লাইট চালানো শুরু করে ভারতীয় বেসরকারি সংস্থা স্পাইস জেট। এর আগে ঢাকা থেকে কলকাতাসহ ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করলেও চট্টগ্রাম থেকে কলকাতা রুটে সেবারই প্রথম ফ্লাইট চালু করে সংস্থাটি।
করোনা মহামারি শুরুর আগে চট্টগ্রাম-কলকাতা রুটে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসরকারি ইউএস বাংলা, রিজেন্ট এয়ারের ফ্লাইট চালু ছিল। পরে চট্টগ্রাম-চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে ইউএস বাংলা এয়ারলাইন্স।