বগুড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আরএফএল কোম্পানির কাভার্ডভ্যানের ধাক্কায় ৪০ বছর বয়সী বাবু মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাবু বগুড়া শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আনায়ারুল ইসলাম।
ওসি আনোয়ারুল ইসলাম জানান, বগুড়া-নাটোর মহাসড়কের প্রশস্তকরণের কাজ করছিলেন বাবু। তিনি (বাবু) সন্ধ্যায় পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। ঐ সময় বগুড়া থেকে নাটোরগামী আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাভার্ডভ্যানের চালককে থানা হেফাজতে নেয়া হয়েছে।
গত ১৮ ডিসেম্বর বগুড়ার শেরপুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। ভোরে ঢাকা বগুড়া মহাসড়কের শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়াগামী শ্যামলী পরিবহন ও ঢাকাগামী সূর্য পরিবহনের দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে শ্যামলী পরিবহনের চালক নুরুল ইসলামসহ অন্তত ৪০ যাত্রী আহত হন।
একইদিন পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কামরান হুসাইন। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বগুড়া শহরতলির গোদারপাড়া বাজারে একটি মালবাহী ট্রাক ঘেঁষে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। তখন ট্রাকের পেছনের চাকা তার মাথার উপরে উঠলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।