জাহাজে উঠতে গিয়ে সমুদ্রে পড়ে প্রাণ গেল সার্ভেয়ারের
পটুয়াখালীর কলাপাড়ায় কয়লাবাহী মাদারভ্যাসেল থেকে লাইটার জাহাজে উঠতে গিয়ে সমুদ্রে পড়ে ৬৫ বছর বয়সী এক সার্ভেয়ারের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত শামীম ফয়েজ খুলনা খালিসপুর এলাকার মেসার্স অ্যাসারটিভ ভ্যালিউয়ারস প্রাইভেট লিমিটেড সার্ভে কোম্পানির সার্ভেয়ার ছিলেন। তিনি পটুয়াখালী কাস্টমস অফিসের হয়ে গভীর সমুদ্রে সার্ভে করতে গিয়েছিলেন।
পুলিশ জানায়, বুধবার সকালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে ‘সোনার বাংলা’ লাইটার জাহাজে করে রাবনাবাদ চ্যানেলের পায়রা বন্দরের ফেয়ার বয়া এলাকায় যান শামীম। সেখানে ইন্দোনেশিয়ার বালিকপাবন বন্দর থেকে আসা কয়লাবাহী মাদারভ্যাসেল ‘এমভি নেরাইডায়’ কয়লা পরিমাপ করতে ওঠেন। কয়লা পরিমাপ শেষে ওই মাদারভ্যাসেল থেকে লাইটার জাহাজে ওঠার সময় পা পিছলে সমুদ্রে পড়ে যান তিনি। কিছুক্ষণ পর দুই জাহাজের নাবিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, সমুদ্র থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।