ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেলেন আসামি

 যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ২১ ডিসেম্বর ২০২১
পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেলেন আসামি
ফাইল ছবি

যশোরে মাদক মামলার আসামি রাজু শেখ ওরফে রাজন পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন। মঙ্গলবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম গেটের সামনে থেকে ইজিবাইক থেকে পালিয়ে যান। এ সময় পুলিশ তাকে ধাওয়া করলেও আটক করতে পারেনি।

রাজু শেখ ওরফে রাজন যশোর সদরের তফসীডাঙ্গা পুলেরহাট এলাকার আকাশ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে ৩ পুলিশ কনস্টেবল একটি ইজিবাইকে করে আসামি রাজু শেখ ওরফে রাজনকে শার্শা থেকে আদালতে নিয়ে আসছিল। যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পশ্চিম গেট দিয়ে ঢুকতেই ওই আসামি পুলিশকে ধাক্কা দিয়ে চলন্ত ইজিবাইক থেকে দৌড়ে জেলা জজ আদালতের ভেতরে ঢুকে ভবনের পূর্ব দিক দিয়ে বের হয়ে যান। রাজুর পিছু নিয়ে পুলিশকে দৌড়াতে দেখে একজন হিজড়া তাকে ধরে ফেললে হাতে কামড় দিয়ে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, রাজু শেখ ওরফে রাজনকে ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার রাজুকে তিনজন কনস্টেবল একটি ইজিবাইকে নিয়ে যায় আদালতের উদ্দেশে। জুডিশিয়াল আদালত ভবনের গেট দিয়ে ভেতরে ঢুকতেই আসামি রাজু কৌশলে হ্যান্ডকাপ খুলে পালিয়ে যান।

এ সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। ডিবি পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ওসি বদরুল আলম খান ঘ বলেন, পালিয়ে যাওয়া আসামি রাজুকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!