গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করলো শাশুড়ি ও ননদ
পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘি ইউনিয়নের বন্দরপাড়া গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে শাশুড়ি ও ননদ।
এই ঘটনায় গৃহবধূর বাড়ি থেকে শ্বশুর সোলেমান আলী, স্বামী আতিকুর রহমান ও ননদ খাদিজা আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহত শাবানা আকতার আসমা সদর উপজেলার কামাতকাজলদিঘি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার মৃত আশরাফুল ইসলামের কন্যা।
জানা গেছে ধানের খড় নিয়ে শাশুড়ি ও ননদের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বৃহস্পতিবার সকালে তাকে শ্বাসরোধে হত্যা করে।
এদিকে নিহত গৃহবধূর মা মোহসিনা বেগম বলেন, তার মেয়েকে গলাটিপে হত্যা করা হয়েছে। একইসঙ্গে হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি।
খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সদর থানার ওসি আবদুল লতিফ মিঞা জানান, গৃহবধূর মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে নিহত হয়েছে ওই গৃহবধূ তদন্ত করে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।