ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পছন্দের লোককে ভোট না দেওয়ায় ছেলের বউয়ের চোখ নষ্ট করল শাশুড়ি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ২ ডিসেম্বর ২০২১
পছন্দের লোককে ভোট না দেওয়ায় ছেলের বউয়ের চোখ নষ্ট করল শাশুড়ি
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে নিজের কথামতো ভোট না দেওয়ায় ছেলের বউয়ের চোখ নষ্ট করার অভিযোগ উঠেছে সৎ শাশুড়ির বিরুদ্ধে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।

বুধবার সন্ধ্যায় উপজেলার বোয়ালী ইউনিয়নের তালগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম আমেনা খাতুন। তিনি একই গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।

জানা গেছে, ২৮ নভেম্বর বোয়ালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মেম্বার প্রার্থী সুরুজ মিয়াকে ভোট দিতে বলেন আমেনা খাতুনের সৎ শাশুড়ি জনুপা বেগমসহ দু-তিনজন লোক। কিন্তু সুরুজকে ভোট না দিয়ে আলী হোসেন নামে অন্য এক মেম্বার প্রার্থীকে ভোট দেন আমেনা। বিষয়টি টের পেয়ে ক্ষিপ্ত হন সৎ শাশুড়িসহ অন্যারা।

এরই জেরে বুধবার সন্ধ্যায় আমেনার সঙ্গে সৎ শাশুড়ি জনুপার কথা কাটাকাটি হয়। এ সময় উত্তেজিত হয়ে পাশে থাকা একটি টিনের খণ্ড দিয়ে আমেনার বাম চোখে আঘাত করেন জনুপা। এতে আমেনার চোখ বেয়ে রক্ত ঝরতে থাকে। পরে স্বামী ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাজীপুর পপুলার ক্লিনিকে ভর্তি করেন।

আহত আমেনা খাতুনের স্বামী শাহাবুদ্দিন বলেন, আমার সৎ মা জনুপা বেগমসহ পরিবারের অধিকাংশ সদস্য সুরুজ মেম্বারের নির্বাচন করেন। তাদের কথামতো ভোট না দেওয়ায় আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে চোখে টিনের একটি খণ্ড দিয়ে আঘাত করেন। এতে চোখের মণির মারাত্মক ক্ষতি হয়েছে। ভোটের কারণে আমার স্ত্রীর চোখ নষ্ট করে দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাসার বলেন, ভোটের কারণে ছেলের বউকে টিন দিয়ে আঘাত করে চোখ নষ্ট করে দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!