ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিকের বাড়ির পাশে পড়ে ছিল কিশোরী প্রেমিকা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ১ ডিসেম্বর ২০২১
প্রেমিকের বাড়ির পাশে পড়ে ছিল কিশোরী প্রেমিকা
(ছবি: সংগৃহীত)

চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় কুমিরা রয়েলগেট এলাকায় নিশান নামে এক প্রেমিকের বাড়ির পাশের বিলে অজ্ঞান অবস্থায় পড়ে ছিল কিশোরী প্রেমিকা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে কিশোরীর বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

চিকিৎসকরা জানিয়েছে, তাকে খাবারের সঙ্গে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

কিশোরী উপজেলার বড় কুমিরা এলাকার বাসিন্দা। সে স্থানীয় অরবিট ডায়াগনস্টিক সেন্টারে রিসিপশনিস্ট হিসেবে কাজ করতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কিশোরীর পরিবারের লোকজন জানিয়েছে, কর্মস্থলে যাওয়া আসার সময় রয়েলগেট এলাকার বাসিন্দা নিশান এর সঙ্গে উক্ত কিশোরীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। চার বছর ধরে চলে এ সম্পর্ক। মঙ্গলবার দুপুরে নিশান প্রেমিকাকে তার বাড়িতে ডেকে পাঠালে সেখানে ছুটে যায়।

এরপর বিকেলের দিকে খবর আসে ওই প্রেমিকের বাড়ির পাশের বিলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে উক্ত কিশোরী। খবর পেয়ে কিশোরীর ভাই জিসানসহ কয়েকজন সেখানে ছুটে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তাদের দাবি, কিশোরীকে বিষপান করানো হয়েছে। হাসপাতালে জ্ঞান ফেরার পর কিশোরীও চিকিৎসককে জানিয়েছে তাকে খাবারের সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়েছে। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মঙ্গলবার সন্ধ্যায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে চমেক হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। চিকিৎসকরা জানিয়েছে তাকে বিষপান করানো হয়েছে। তার মুখে ফেনা এবং গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!