অবশেষে ১০ লাখে বিক্রি হলো সেই কালো পোয়া মাছ
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া ৩২ কেজি ২০০গ্রাম ওজনের কালো পোয়া মাছটি অবশেষে বিক্রি হয়েছে ১০ লাখ টাকায়।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কালা পোপা’ নামে পরিচিত মাছটি শনিবার বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটে সৈয়দ আলমের ফিশারিতে আনা হয়। এর আগে, শনিবার ভোরে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার সালেহ আহমেদের মালিকানাধীন ট্রলারে হোসেন মাঝিসহ ৯জন জেলে বঙ্গোপসাগর থেকে মাছটি ধরে। একই সঙ্গে তারা ৪০টি রাঙা চৈ ও চারটি সামুদ্রিক কোরাল মাছ ধরে টেকনাফে ফিরে আসে।
ট্রলার মালিক সালেহ আহমদ বলেন, ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের কালো পোয়া মাছটি বিক্রির জন্য দাম হাঁকা হয় ১৪ লাখ টাকা। পরে কক্সবাজারের নুনিয়াছড়া এলাকার মৎস্য ব্যবসায়ী সুলতান আহমদ ১০ লাখ টাকায় মাছটি কিনে নেন। মাছটি পুরুষ জাতের হওয়ায় বেশি দামে বিক্রি হয়েছে। জেলেরা খুবই আনন্দিত।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরে ৩২ কেজি ওজনের পোয়া মাছটি ধরা পড়ার খবর পেয়েছি। সাধারণত এত বড় পোয়া মাছ ধরা পড়ে না। এ মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci)। পোপা মাছের বায়ুথলি বা এয়ার ব্লাডার দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হয়, এ জন্য মাছটির এত দাম।