টেকনাফে ফেলে যাওয়া ব্যাগে মিলল ১ লাখ ইয়াবা
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ বেড়িবাঁধ এলাকায় একটি ব্যাগের ভেতর থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, শাহপরীরদ্বীপ বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম-৪ থেকে দেড় কিলোমিটার দক্ষিণে বেড়িবাঁধে এলাকায় টহল পরিচালনা করছিল। এসময় তারা দুই ব্যক্তিকে নৌকায় করে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে। টহলদল দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করে। তারা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে নাফনদীতে সাঁতার দিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৩ কোটি টাকার মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে স্টোরে জমা রাখা হয়েছে।