ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রংপুরে গুল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ১৭ সেপ্টেম্বর ২০২১
রংপুরে গুল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়া উপজেলায় একটি গুল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হারাগাছ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলোনিগ্রামের পাশে শামিম গুল ফ্যাক্টরিতে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে হারাগাছ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্যাক্টরির আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে ফ্যাক্টরিতে থাকা গুলের কৌটা, তামাকসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

ফ্যাক্টরির মালিক হাজী শামীম হোসেন জানান, হঠাৎ আগুন লাগার খবর পেয়ে তিনি মিলে ছুটে যান। কীভাবে আগুন লেগেছে তা তিনি বুঝতে পারছেন না। করোনা মহামারির শুরুর দিক থেকে ফ্যাক্টরিতে গুল উৎপাদন বন্ধ রয়েছে।

হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা টিপু সুলতান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!