[ দেশজুড়ে ]
শিশু সন্তান বিক্রি করে দিল বাবা, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ
পুলিশের সহায়তায় শুক্রবার তার সন্তানকে ফিরে পেয়েছেন রোমেলা বেগম
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকী গুচ্ছ গ্রামের রোমেলা খাতুনের শিশু সন্তানকে জন্মের দুদিন পর বিক্রি করেন তার স্বামী আব্দুল মান্নান। অবশেষে পুলিশের সহায়তায় শুক্রবার তার সন্তানকে ফিরে পেয়েছেন রোমেলা বেগম।
জানা যায়, গত ১৪ আগস্ট রোমেলা খাতুন ও আব্দুল মান্নানের অভাবী সংসারে জন্ম নেয় এক ছেলে সন্তান। দরিদ্র সংসারে একজন নতুন সদস্যকে বোঝা হিসেবে দেখছিলেন আব্দুল মান্নান। তাই স্ত্রীর সম্মতি ছাড়াই জন্মের দুই দিন পরই, অর্থাৎ ১৭ আগস্ট ২০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন মান্নান। এরপর থেকেই সন্তানের শোকে পাগলপ্রায় হয়ে পড়েন রোমেলা খাতুন। স্বামীকে বারবার বলার পরও কোনো উপায় না পেয়ে চৌহালী থানা পুলিশের দারস্থ হন তিনি।
পরে চৌহালী থানা পুলিশ আব্দুল মান্নানের দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির সন্ধান পায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মঙ্গলপুর গ্রামে। সেখানকার নিঃসন্তান দম্পতি সাজেদা বেগম ও আনোয়ার হোসেনের কাছে যত্নেই ছিল শিশুটি। তাদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে পুনরায় রোমেলা বেগমকে ফিরিয়ে দিয়েছে চৌহালী থানা পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!