অভাবের তাড়নায় ৩ মাসের সন্তান বিক্রি করলেন মা
বরিশালের হিজলা উপজেলায় অভাবের তাড়নায় ৩ মাসের কোলের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছেন এক মা। উপজেলার হরিনাথপুর ইউপির পূর্ব কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
৩ মাসের শিশু সন্তান সুমিকে বিক্রি করা মা আলোমতি বেগম রাগে-ক্ষোভে বলেন, ‘এতোদিন কোথায় ছিলেন আপনারা। কোথায় ছিলো এতো মানব দরদী। কই সেদিন তো কাউকে দেখিনি। এলাকার কোনো চেয়ারম্যান মেম্বার আইসা একবার দেখেনি। না খেয়ে কত দিন শিশু বাচ্চা নিয়ে কেঁদেছি। আমার বাচ্চাকে কম কষ্টে পালতে দেইনি। ক্ষুধার জ্বালায় সইতে না পেরে বাচ্চাকে পালতে দিয়েছি।’
আলোমতি আরো বলেন, স্বামী জেলে। নদীতে মাছ ধরে। গত কয়েক মাস ধরে নদীতে কোনো মাছ নেই। তাই সংসার চালাতে পারছি না। কোনো সাহায্য পাইনি।
উপজেলার হরিনাথপুর ইউপির ৮ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য মো. ফয়জুল হক লিটন বলেন, ঈদে ১০ কেজি চালের ২ টি স্লিপ দিয়েছি। আলোমতির স্বামী কোনো কাজ করে না। বেকার ঘোরাফেরা করে। তাই অভাব তো তাদের থাকবেই।
স্থানীয় লিটন মিয়াজী জানায়, দালালের মাধ্যমে ৪০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দেয়। তার স্বামী কোনো কাজ না করে বেকার থাকেন। এটাই অভাবের কারণ। বিক্রি করা শিশুর বাবা মুসা সরদার শিশুটি বিক্রির বিষয়ে কিছু বলেননি।