ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

জমি চাষের সময় ৮ ফুট লম্বা অজগর ধরলেন কৃষক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ১১ জুলাই ২০২১
জমি চাষের সময় ৮ ফুট লম্বা অজগর ধরলেন কৃষক
৮ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে ক্যাম্পাসে নিয়ে যান চবি শিক্ষার্থীরা

চট্টগ্রামের হাটহাজারীতে জমিতে পাওয়া গেছে প্রায় ৮ ফুট লম্বা অজগর। শনিবার দুপুরে ওই উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজা ফকিরপাড়া এলাকায় একটি জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষের সময় শফিকুল ইসলাম নামে এক কৃষক অজগরটি ধরেন।

পাহাড় থেকে খাবারের সন্ধানে এসে পথ হারাতে পারে অজগরটি এমনটি ধারণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাণিবিদ্যা বিভাগের (বন্যপ্রাণী শাখা) অধ্যাপক ড. মো. ফরিদ আহসান।

তিনি জানান, বন উজাড়সহ পরিবেশের নানা অসঙ্গতির কারণে প্রাণিকুলে রসদ ও আবাসস্থলের সংকট দেখা দিয়েছে। ফলে প্রাণিকুল তথা এই অজগরটি হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল।

এদিকে খবর পেয়ে চবির প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী রফিক ইসলাম ও তার সহপাঠীরা অজগরটি স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে ক্যাম্পাসে নিয়ে যান। অজগরটি প্রায় ৮ ফুট লম্বা এবং ওজন ১২ কেজি। পরে এটি চবি ক্যাম্পাসের গহীন বনে অবমুক্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!