পরকীয়া সম্পর্কের জের ধরে মনির শিকদার খুন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পরকীয়া সম্পর্কের জের ধরে খুন হন মনির শিকদার। পুলিশের তদন্তে এ তথ্য বেড়িয়ে এসেছে।
গত শুক্রবার রাতে উপজেলার কাটাখালী গ্রামের বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃৃত্তরা। পরে পুলিশের তদন্তে হত্যার রহস্য বেরিয়ে আসলে নিহত মনির শিকদারের পরকীয়া প্রেমিকার স্বামী জাকির আকনকে গ্রেফতার করা হয়।
সোমবার বিকেলে কাটাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে রাঙ্গাবালী থানা পুলিশ।
পুলিশ জানায়, নিহত মনির শিকদার বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি মুদি মনোহারী দোকান ছিল। সেই সুবাদে পাশের বাড়ির জাকির আকনের স্ত্রী নাছিমা বেগমের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় এক বছর ধরে তাদের পরকীয়া সম্পর্ক চলছিল। এই পরকীয়া সম্পর্কের জের ধরেই মনির শিকদার খুন হয়।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, মনির শিকদার হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাতে ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে ঘটনার তদন্ত করে রহস্য অনেকটা উদঘাটন করা হয়েছে। এরই মধ্যে জাকির আকন নামের এক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।