দেওয়ানগঞ্জে জিআর ও ভিজিএফ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউপিতে রমজান উপলক্ষে জিআর ও ভিজিএফ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে।
এ কর্মসূচির আওতায় ৫০০ পরিবারে ৫০০ টাকা করে ২লাখ ২৫ হাজার ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দুঃস্থ, অতিদরিদ্র, দুর্যোক্রান্ত, ভিক্ষুকসহ যোগ্য পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচীর আর্থিক সহায়তা ৪ হাজার ৫৯৫টি কার্ডের প্রতি পরিবারে ৪৫০ টাকা করে ২০ লাখ ৬৭হাজার ৭৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ বরাদ্দের নগদ টাকা বিতরণে অনিয়মের অভিযোগ তুলেছে স্থানীয়রা।
হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আতা চান সওদাগর অভিযোগ করে জানান, ২নং ওয়ার্ডের দুঃস্থ, অতিদরিদ্র মানুষের জন্য তিনি ২৪০টি ভিজিএফ এবং ৬০টি জিআর কার্ড পেয়েছিলেন। কিন্তু ইউপি চেয়ারম্যান তার ভিজিএফ অগ্রাধিকার তালিকা থেকে ৮০টি নাম বাদ দিয়ে ভিজিএফ-এর নগদ টাকা আত্মসাতের জন্য তার নিজের তৈরি অস্বচ্ছল ভুয়া সুবিধাভোগীর নাম ঢুকিয়ে টাকা তুলেছেন। এছাড়াও জিআর ৫০০ টাকার নামের ৬০জনের মধ্যে কয়েকজনের টাকা আত্মসাতে অভিযোগও উঠেছে।
এ ব্যাপারে হাতিভাঙ্গা চেয়ারম্যান নূর ছালাম জানান, পরিষদের বরাদ্দকৃত কার্ডের মধ্যে প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের ১৫০, দলীয় ১৫০, মহিলা ইউপি সদস্যদের ৫০টি করে বন্টন করা হয়েছিল। আমার ভাগের ১ হাজার কার্ড এর মধ্যে প্রতিটি ওয়ার্ড থেকে ইউপি সদস্যরা যে তালিকা দিয়েছিল তাদের তালিকা থেকে নাম বাদ দিয়ে আমার তালিকা ঢুকিয়েছি। টাকা বিতরণে কোন অনিয়ম করা হয়নি। কারো টাকা তুলে আত্মসাত করিনি। বিতরণ কার্যক্রম চলছে। কেউ বিতরণের দিন না এসে টাকা তুলতে না পারলে শেষের দিন তাদের টাকা বিতরণ করা হবে।