ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

জামিনে মুক্ত সেই ভিক্ষুক

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৪, ৩০ এপ্রিল ২০২১
জামিনে মুক্ত সেই ভিক্ষুক
জামিনে মুক্ত ভিক্ষুক আব্দুল বারেক

নেত্রকোনার মদনে ধান চুরির অপবাদ দিয়ে নির্যাতনের পর করা মামলায় গ্রেফতার ভিক্ষুক আব্দুল বারেককে জামিন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে জামিনের চাইলে তার জামিন মঞ্জুর করেন বিচারক শাহাদাত হোসেন। এছাড়া নির্যাতনকারী মাসুদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোনা কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রহমান।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে মাসুদ মিয়ার বিরুদ্ধে ৩২৫ ধারায় মামলা করেন আব্দুল বারেকের স্ত্রী পারভীন আক্তার। মামলার পর মাসুদকে কারাগারে পাঠানো হয়।

এদিকে, ভাইকে কারাগারে পাঠানোর খবর শোনে ক্ষিপ্ত হন মাসুদের বড় ভাই খাইরুল ইসলাম। পরে একইদিন বিকেলে দুই বস্তা ধান চুরির অভিযোগ এনে ভিক্ষুক আব্দুল বারেকের বিরুদ্ধে পাল্টা মামলা করেন তিনি।

বুধবার ধান চুরির অপবাদ দিয়ে ভিক্ষুক আব্দুল বারেককে বাঁশের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন করেন মাসুদ মিয়া। কয়েক ঘণ্টা মারধরের পর তাকে চোর আখ্যা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবার নজরে আসে। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে আটক করে পুলিশ।

আব্দুল বারেকের স্ত্রী পারভীন আক্তার বলেন, প্রতি বছরই বৈশাখ মাসে আমার স্বামী গোবিন্দশ্রী এলাকায় ধান ভিক্ষা করতে যান। এ বছর মাসুদের বাড়িতে তিনি ভিক্ষা করা ধানগুলো একত্র করে রেখেছিলেন। মাসুদের ভাই জুয়েল আমার স্বামীর একত্র করা ৯ মণ ধান নিয়ে যান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আমার স্বামীকে চুরির অপবাদ দিয়ে বেঁধে নির্যাতন করেন মাসুদ। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানোর চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে।

ঘটনাটি নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন মদন থানার ওসি ফেরদৌস আলম।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!