[ দেশজুড়ে ]
একটি বোতলের দাম তিন কোটি টাকা!
আটক তিনজন
ব্রিটিশ আমলের তৈরি ম্যাগনেটের বোতল। যার দাম হাঁকা হতো দুই থেকে তিন কোটি টাকা। অনেকে সরল মনে বিশ্বাস করে নিলেও আসলে পুরোটিই ছিল প্রতারণা। তামার বোতল নিয়ে এভাবেই প্রতারণা করে আসছিল একটি চক্র। খবর পেয়ে চক্রটির তিন সদস্যকে আটক করেছে চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তামার তৈরি বোতল, ডিজিটাল লকার ও টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- সাতকানিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নুরুল আমিন, আনোয়ারা উপজেলার ডুমুরিয়া এলাকার মো. উল্লাহ ও পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের খোরশেদ আলম।
পুলিশ জানায়, নুরুল আমিনের কাছ থেকে ধাতব বোতলটি কিনতে কেরানীহাট যান খোরশেদ আলম ও মো. উল্লাহ। ওই সময় খবর পেয়ে হাতেনাতে তাদের আটক করা হয়।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, আটকরা পেশাদার প্রতারক চক্রের সদস্য। নুরুল আমিনের কাছ থেকে বোতলটি কিনে নিয়ে অন্যজনের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছিলেন খোরশেদ আলম ও মো. উল্লাহ। জিজ্ঞাসাবাদে তারা আগেও এ ধরনের প্রতারণা করেছেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!