ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এলেন গুলিবিদ্ধ ভারতীয় যুবক

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ১১ এপ্রিল ২০২১
জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এলেন গুলিবিদ্ধ ভারতীয় যুবক
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন ভারতীয় যুবক

ভারতের কুচবিহারে নির্বাচনী সহিংসতায় কারফিউ চলাকালীন বাড়ির বাইরে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন মিলন মিয়া নামে এক যুবক। জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

আহত মিলন মিয়া ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাইদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে। প্রতিবেশীদের সহায়তায় শনিবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।

জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে মিলন মিয়ার নানাবাড়ি। রাতে পালিয়ে সেখানেই যান তিনি। পরে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে খবর পায় পুলিশ। এরপর মিলন মিয়াকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মিলন মিয়ার নানা মকবুল হোসেন বলেন, আমার মেয়ে-জামাই ও তিন নাতি দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছে। তারা ভারতীয় নাগরিক। মিলন গুলিবিদ্ধ হয়ে আমার বাড়িতে এলে আমরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আমার নাতি সেখানেই ভর্তি আছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আরএমও ডা. পুলক কুমার সরকার জানান, ভারতীয় নাগরিক মিলন মিয়ার পাঁজরের ডান দিকে গুলি লেগেছে। রোববার ভোরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) রওশন কবির জানান, আমরা ভারতীয় ওই যুবকের চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা করেছি। বর্তমানে তাকে পুলিশের পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!