মানিকগঞ্জে দুই শিশুকে ধর্ষণ, গ্রেফতার ২
মানিকগঞ্জের ঘিওর ও শিবালয়ে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সালিশের নামে টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে ঘিওরে দুই মাতব্বরকে আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ঘিওর উপজেলার গোলাপনগরের আব্দুল কুদ্দুসের ছেলে আবু বক্কর সিদ্দিক, শিবালয়ের শাকরাইল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শওকত হোসেন। বাকি দুই আসামি হলেন- ঘিওরের গ্রাম্য মাতব্বর আব্দুল মান্নান ও জাবেদ।
ঘিওর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, শিশুটি সমবয়সীদের সঙ্গে বাড়ির পাশেই খেলছিলে। ওই সময় টাকার লোভ দেখিয়ে তাকে ফাঁকা বাড়িতে নিয়ে যান আবু বক্কর। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, ঘটনা ধামাচাপা দিতে সালিশের আয়োজন করেন গ্রাম্য মাতব্বররা। সালিশে ধর্ষককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আবু বক্করের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শিবালয় থানার ওসি ফিরোজ কবীর জানান, বৃহস্পতিবার সকালে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শওকত হোসেনকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা মামলা করেন। পরে আসামিকে আদালতে ও ধর্ষণের শিকার শিশুকে হাসপাতালে পাঠানো হয়।