পাওনা টাকা চাওয়ায় ধর্ষণ মামলার হুমকি, ক্ষোভে প্রেমিকাকে হত্যা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাবেয়া খাতুন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করেছেন প্রেমিক। এ ঘটনায় অভিযুক্ত মো. কামাল ফকিরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. কামাল ফকির নান্দাইল উপজেলার উত্তর পালাহার গ্রামের মো. আবুল হাসেম ফকিরের ছেলে। বুধবার রাতে ঈশ্বরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ ৪ নম্বর আমলী আদালতের বিচারক মাসুম মিয়ার কাছে হত্যার দায় স্বীকার করেন কামাল ফকির।
ময়মনসিংহ ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহত রাবেয়ার সঙ্গে কামাল ফকিরের দীর্ঘদিনের প্রেম ছিল। রাবেয়া তার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন। সোমবার (২৯ মার্চ) রাতে সেই টাকার জন্য তাকে বাড়ির পাশের ধানক্ষেতের কাছে ডেকে নিয়ে যান কামাল। ওই সময় পাওনা টাকা চাইতেই রাবেয়া উল্টো তাকে ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দেন এবং আরো পাঁচ হাজার টাকা দাবি করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাবেয়াকে মারধর করে মাটিতে ফেলে কলা গাছের ডগা গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন কামাল। এরপর লাশ সেখানেই ফেলে চলে যান।
পরদিন (৩০ মার্চ) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের রাস্তার পাশের ধানক্ষেত থেকে রাবেয়া খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই নিহত রাবেয়ার মা বিলকিস আক্তার হত্যা মামলা করেন। ওই মামলায় নিহতের প্রেমিক কামাল ফকিরকে গ্রেফতার করে ডিবি।