ক্যাপসিকাম চাষে চমক
আশরাফুল রহমান দীপু। চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে। তবে করোনার সময় কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এরপর একরাশ হতাশা নিয়ে ফিরে যান গ্রামে। বেকার অবস্থায় বাড়িতেও দিন কাটছিল না। শেষে ইউটিউব খুলে দিলো তার পথ। ইউটিউব দেখে ক্যাপসিকাম চাষে উদ্বুদ্ধ হন তিনি। ক্ষেতভরা ক্যাপসিকাম দেখে অবাক এলাকার মানুষ।
দীপুর বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে। তিনি একই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

সরেজমিনে দেখা গেছে, গাছে গাছে প্রচুর ক্যাপসিকাম ধরেছে। মিষ্টি স্বাদের ক্যাপসিক্যামের ক্ষেতে পাওয়া গেল কাঁচা মরিচের ঘ্রাণ। জমির বেশিরভাগ অংশেই মালচিং পলিথিন ব্যবহারের মাধ্যমে এ গাছ লাগানো হয়েছে। এছাড়া একই ক্ষেতে চাষ করা হয়েছে টমেটো, বেগুনও। এক জমিতে বিভিন্ন সবজি চাষ করে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন দীপু।
সবজি চাষি আশরাফুল রহমান দীপু বলেন, করোনায় কোম্পানিটি বন্ধ হওয়ায় বাড়িতে চলে আসি। এরপর হতাশায় জীবন কাটছিল। তখন আমি ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে নিজের ৪২ শতাংশ জমিতে ক্যাপসিকাম, টমেটো ও বেগুন চাষ করি।

তিনি বলেন, এখন পর্যন্ত আমার এক লাখ টাকার মতো খরচ হয়েছে। তবে বিক্রি করেছি ৩০-৩৫ হাজার টাকার মতো। আরো বিক্রি হবে। জমিতে ক্যাপসিকাম চাষ করাটা আমার শখ ছিল। শখ হলেও এখন আমি সফল।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহসিনা জাহান তোরণ বলেন, ক্যাপসিকাম চাষ করে সত্যিই অবাক করে দিয়েছেন দীপু। আমরা তার সফলতায় মুগ্ধ। ভালো দামও পাচ্ছেন। নতুন ফসল চাষ করার জন্য আমরা কৃষকদের সব সময় উদ্বুদ্ধ করি। দীপুর মতো বেকার যুবকরা এগিয়ে এলে বেকারমুক্ত দেশ হবে।