ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
কমিউনিটি ক্লিনিকটি যেন নিজেই রোগী!
লালমনিরহাট জেলার সদর উপজেলা ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চর অঞ্চলের কয়েক গ্রামের হাজারো মানুষ চিকিৎসা নেন একটি মাত্র কমিউনিটি ক্লিনিকে। নামে কমিউনিটি ক্লিনিক হলেও সেটি নিজেই এখন রোগী পড়েছে।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের চর বুদারু, ভেরভেরি, বড় বাসুরিয়া, ছোট বাসুরিয়া, কাইম বাসুরিয়া, পেটফিকার চর, সোনাতোলা, খেদাবাগ, ফকির পাড়া, বিদ্যাবাগিস এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেকলী, কাশিয়াবাড়ির চর ও ধনীরাম এলাকার কয়েক হাজার মানুষের ভরসা ছিল ওই বড়বাসুরিয়া কমিউনিটি ক্লিনিকটি।
মঙ্গলবার সকালে বড়বাসুরিয়া কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের অবস্থা খুবই জরাজীর্ণ। চর অঞ্চলের কয়েক হাজার মানুষের ভরসার ক্লিনিকটি যেন নিজেই রোগী হয়ে দাঁড়িয়ে রয়েছে।
সেখানকার কর্মরত স্বাস্থ্য সহকারী সাইদুল রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, ২০১৭ সালের বন্যায় ক্লিনিকের ভেতরে ৫-৬ ফুট পানি উঠেছিল। প্রতি বছর বন্যা হলেই ক্লিনিকের দশা বেহাল হয়ে পড়ে। এছাড়াও বৃষ্টি হলেই ভেতরের সবকিছু ভিজে যায়। পাশের লেবার রুমের টিনের চালাও ফুটো হয়ে গেছে।
বড়বাসুরিয়া কমিউনিটি ক্লিনিকের (সিএইচসিপি) মিজানুর রহমান ডেইলি বাংলাদেশকে জানান, এখানে যা ওষুধ সাপ্লাই দেয়া হয় তা দিয়ে ক্লিনিক চালানো সম্ভব হয় না। পাশের উপজেলা রাজারহাট ছিনাইয়ের একতা বাজারের কমিউনিটি ক্লিনিকটি ধসে যাওয়ার ফলে অন্যের বাড়িতে সিসির সেবা চালু রাখার কারণে সব ধরনের রোগী সেখানে যেতে পারে না। ফলে মানুষের দুর্ভোগ বেড়ে যাওয়ায় আমাদের এখানে চাপ অনেক বেশি বেড়েছে। অবকাঠামো মেরামত ও ওষুধের পরিমাণ আরও বাড়ানো দরকার। স্থানীয় এলাকাবাসীর জোড়ালো দাবি, উক্ত সিসিতে কিছু সংখ্যক সেচ্ছাসেবক ও আয়া নিয়োগ করলে আমাদের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।
বড়বাসুড়িয়া এলাকার শফিকুল ইসলাম (ভেন্ডার) বলেন, আমরা প্রায়ই দেখি রুম পরিস্কার করা থেকে শুরু করে যাবতীয় কাজ (সিএইচসিপি) নিজেই করেন।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, কমিউনিটি ক্লিনিকটি নদীর পাশে নির্মিত হওয়ায় বার বার বন্যার কবলে পড়ে। যে কারণে ক্লিনিকের ভেতর ও বাহিরের অংশ কিছুটা নাজুক হয়েছে। আমরা চেষ্টা করছি, খুব দ্রুত জেলার কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কার করে মানসম্মত ক্লিনিক হিসেবে তৈরি করার। যেন ওই অঞ্চলের সাধারণ জনগণ সেখান থেকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পায়।