সেলিনার মৃত্যুর জন্য দায়ী তিনজন, ফেসবুক স্ট্যাটাস ভাইরাল
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুর আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। ৫ ডিসেম্বরের সেই স্ট্যাটাসে তার ‘পরিণতি’র জন্য তিনজনকে দায়ী করে গেছেন।
বর্তমানে স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে। এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি অনেকের।
স্ট্যাটাসে সেলিনা ইয়াসমিন লেখেন- ‘আমি বারবার বলছি, আমি বিভিন্নভাবে মানুষের চাপের মুখে আছি। আমিও একজন মানুষ। আমারও পিঠ দেয়ালে ঠেকে গেছে। যদি আমার শারীরিক, মানসিক ও অর্থনৈতিক অবস্থা কোনো ক্ষতি হয়, তার জন্য মাত্র তিনজন মানুষ দায়ী থাকবে। সব প্রমাণ আমার মেয়ের কাছে আছে। যথোপোযুক্ত সময়ে আমার মেয়ে তা আপনাদের সামনে উপস্থাপন করবে। মনে রাখবেন শুধু তিনজন মানুষ এই পরিস্থিতি সৃষ্টি করেছে। আমার ও আমার মেয়ের জন্য সকলে দোয়া করবেন।’
সেলিনা ইয়াসমিনের চাচাতো ভাই ফুজায়েল ইসলাম মুহিত বলেন, আপু ওই পোস্ট দেয়ার পর অসুস্থ হয়ে পড়েন, স্ট্রোক করেন। আলাপ করার মতো অবস্থা ওনার ছিল না। তাই বিশেষ কিছু জানি না।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান, ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তার মৃত্যু হয়।