ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আগ্নেয়াস্ত্রসহ ২১টি ডাকাতি মামলার আসামি শিপন গ্রেফতার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৯, ১৫ ডিসেম্বর ২০২০
আগ্নেয়াস্ত্রসহ ২১টি ডাকাতি মামলার আসামি শিপন গ্রেফতার
ডাকাত শিপন গ্রেফতার

সিলেটে দুটি আগ্নেয়াস্ত্রসহ ২১টি মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত শিপন হাজারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বালাগঞ্জের সাদিকপুর গ্রামের মাবাশ্বির আলীর ছেলে।

মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্বনাথের উত্তর ধর্মদা এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

এর আগে গত সোমবার দক্ষিণ সুরমা থেকে রাজীব এবং সবুজ নামের দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শিপনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৪ ডিসেম্বর) বিশ্বনাথ থানা এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন্য একত্রিত হয়। এ ঘটনায় রাজীব এবং সবুজ নামে দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা দুদিন আগে দক্ষিণ সুরমা থানা এলাকায় ডাকাতি করে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করে।

পরবর্তীতে তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়। তাদের দলনেতা শিপন হাজারীকে মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্বনাথের উত্তর ধর্মদা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিতে ওই এলাকার কবরস্থান হতে দুটি দেশীয় তৈরি পাইপগান, ১টি গ্রিল কাটার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতার শিপন প্রায় ১০ বছর ধরে সিলেটের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছেন। তিনি আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার। ডাকাত সর্দার শিপন হাজারীর বিরুদ্ধে সিলেট জেলা, সিলেট মহানগর এলাকা ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ মোট ২১টি মামলা আদালতে বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!