ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গ্যাস লাইন চেকের কথা বলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ৯ ডিসেম্বর ২০২০
গ্যাস লাইন চেকের কথা বলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস লাইন চেকের কথা বলে এক প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। 

বুধবার দুপুরে পৗর এলাকার কাউতলী এলাকার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের পাশে প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। 

ডাকাতরা অস্ত্রের মুখে প্রবাসীর বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, ২২ ভরি স্বর্ণালংকার, চার লাখ টাকা মূল্যের একটি রোলেক্স হাতঘড়ি নিয়ে যায়। রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অ্যাডিশনাল এসপি মো. রহিস উদ্দিন ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুন জানান, দুপুর আড়াইটার দিকে ফাইল নিয়ে দুইজন লোক তাদের বাসা ‘ড্রিম হাউজে’ প্রবেশ করেন। তিনতলায় ফ্ল্যাটে এসে তারা গ্যাস লাইন চেক করতে এসেছেন বলে জানান। এক পর্যায়ে আরো ৬ জন বাসায় প্রবেশ করে ঘরে থাকা সবাইকে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার ছেলে মেয়েকে হত্যা করে ফেলবে বলে সব দিয়ে দিতে বলেন। 

বাসার লকার খুলতে না পেরে ফোন করে একটি বাচ্চাকে দিয়ে ব্যাটারি আনে। প্রায় দেড় ঘণ্টা ডাকাতির সময় ডাকাতরা তাদের চারজনকে বেঁধে রেখে বাসা থেকে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, চার লাখ টাকা মূল্যের একটি রোলেক্স হাত ঘড়ি নিয়ে যায়। 

রফিকুল ইসলামের ছেলে মেহেদি হাসান রাতুল বলেন, ‘ডাকাতরা আমাদেরকে হত্যা করা হবে বললে আম্মা কান্না শুরু করেন। যাওয়ার সময় ডাকাতরা আম্মুর হাতের বাঁধন খুলে দেয়।’ 

এ ব্যাপারে অ্যাডিশনাল এসপি রহিস উদ্দিন জানান, বাড়ির মালিকের ঘরে ডাকাতির খবর পেয়ে তারা ছুটে আসেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!