ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

৯৯ দিন পর কবর খুঁড়ে তোলা হলো ব্যবসায়ীর লাশ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ১০ নভেম্বর ২০২০
৯৯ দিন পর কবর খুঁড়ে তোলা হলো ব্যবসায়ীর লাশ
লাশ তুলে মর্গে নেয়ার সময়

নোয়াখালীতে আদালতের নির্দেশে ৯৯ দিন পর কবর থেকে মো. সোহেল নামে এক ব্যবসায়ীর লাশ তোলা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমামুল হাফিজ নাদিমের নেতৃত্বে কবর খুঁড়ে তার লাশ তোলে পুলিশ।

নিহত মো. সোহেল সদর উপজেলার পশ্চিম শুল্ল্যাকিয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে। তিনি নুরুপাটোয়ারীর হাটের মুদি ব্যবসায়ী ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমামুল হাফিজ জানান, নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর নির্দেশে মঙ্গলবার সকালে সোহেলের লাশ তোলা হয়। তার ময়নাতদন্ত করা হবে।

সুধারাম থানার ওসি নবীর হোসেন বলেন, সোহেলকে পিটিয়ে ও বিষপানে হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেন নিহতের বাবা। পরে প্রধান আসামি মো. ফারুক হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

নিহতের বাবা আবুল কালাম বলেন, নুরুপাটোয়ারীর হাটে দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করছিলেন নুর মোহাম্মদ। ২ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সোহেলের দোকানে বসে ছিলাম আমি। ওই সময় নুর মোহাম্মদ এসে সোহেলের কাছ থেকে সুদ বাবদ ছয়-সাত লাখ টাকা পাবেন বলে জানান। পরদিন সকালে স্থানীয়দের উপস্থিতিতে নুর মোহাম্মদকে সুদের টাকা লেনদেনের বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত দেয়া হয়।

একই দিন সকাল ৯টার দিকে নিজ বাড়ির সামনে থেকে সোহেলকে মোটরসাইকেলে তুলে নেন সুদ ব্যবসায়ী নুর মোহাম্মদের ছেলে মো. ফারুক ও রুবেলসহ অজ্ঞাত এক যুবক। পরে নিজ মুদি দোকানের পেছনেই পেটানোর পর সোহেলের মুখে বিষ ঢেলে দেন তারা। পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে দুপুরে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!