স্ত্রী-ছেলেকে শ্বশুরবাড়ি রেখে আসার পরদিনই ব্যাংক কর্মকর্তার মৃত্যু
বরিশালের গৌরনদীতে নিজ বাসা থেকে সাবেক ব্র্যাক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলা গেট সংলগ্ন বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পল্লব রায়।
মৃত পল্লব রায় যশোরের মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের অশোক রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন ব্র্যাক ব্যাংকের গৌরনদীর টরকী শাখা ও মাদারীপুর শাখায় অফিসার হিসেবে চাকরি করেছেন। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে গৌরনদী উপজেলা গেটের রুহুল আমিনের বাসায় ভাড়া থাকতেন সাবেক এ ব্যাংক কর্মকর্তা।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে স্ত্রী ও ছেলেকে শ্বশুরবাড়ি বাগেরহাটে দিয়ে আসেন তিনি। এরপর থেকে গৌরনদীর বাসায় একাই ছিলেন। শনিবার বিকেল পর্যন্ত বাসার দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পুলিশ বাসার দরজা ভেঙে পল্লব রায়ের মরদেহ উদ্ধার করে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, মরদেহ রোববার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।