গজারিয়ায় ইয়াবা-অস্ত্রসহ তিনজন গ্রেফতার, আগুন জ্বালিয়ে অবরোধ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি ইউপিতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার আল আমিন প্রধান ও রিটু উপজেলার বালুয়াকান্দি ইউপির তেতৈতলা গ্রামের গিয়াসসউদ্দিন প্রধানের ছেলে ও আলমগীর হোসেন একই গ্রামের আশেক আলীর ছেলে বলে জানা গেছে।
রোববার বিকেলে উপজেলার তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের দাবি তাদের কাছ থেকে ইয়াবা এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।
এদিকে আটকের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে তাদের সমর্থকরা।
অবরোধের কারণে দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে গজারিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
র্যাব-৪ এর এএসপি আক্তারুজ্জামান আটকের তথ্য নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। তাদের বিরুদ্ধে ১৮ থেকে ২০ টি করে মামলা আছে বলেও জানান।