ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চার শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার মামলায় ব্যাংকার কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ১৪ অক্টোবর ২০২০
চার শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার মামলায় ব্যাংকার কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

পরিচিত চার শিশুকে নিজের বাড়িতে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার মামলায় অবসরপ্রাপ্ত ব্যাংকার মোবারক আলীকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

মোবারক আলী মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

২০১৯ সালের ৩ ডিসেম্বর লালমনিরহাটের কালীগঞ্জ থানায় চার মেয়েশিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়। চার শিশুর পক্ষে একটি মামলা করেন একজন অভিভাবক।

অগ্রণী ব্যাংক লালমনিরহাট শহরের মিশন মোড় শাখার তৎকালীন প্রিন্সিপাল অফিসার মোবারক আলীর বিরুদ্ধে এ মামলাটি করা হয়। 

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়,  গত ২২ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে লালমনিরহাটের আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতোদিন তিনি পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সেটি নামঞ্জুর হয়।

মোবারক আলীর পরিবারের অভিযোগ, কোনো অসৎ উদ্দেশ্য থেকে ষড়যন্ত্রমূলকভাবে এসব করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!