ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালালো শ্বশুরবাড়ির লোকজন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ৮ অক্টোবর ২০২০
গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালালো শ্বশুরবাড়ির লোকজন
হাসপাতালে পড়ে আছে গৃহবধূ সাথী আক্তারের লাশ

ব্রাহ্মণবাড়িয়ায় সাথী আক্তার নামে এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এসে সাথীর লাশ দেখতে পায় বাবার বাড়ির লোকজন।

দুই সন্তানের জননী সাথী আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউপির খেওয়াই গ্রামের প্রবাসী শাহীন মিয়ার স্ত্রী ও কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের আবুল খায়েরের মেয়ে।

সাথীর ভগ্নিপতি মোহাম্মদ লিটন মিয়া বলেন, ১৩ বছর আগে শাহীন মিয়ার সঙ্গে বিয়ে হয় সাথীর। তাদের দুটি ছেলে-মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সাথীকে নির্যাতন করছিল শাহীন ও তার পরিবার। ২০১৭ সালে শাহীন মিয়া বিদেশে চলে যায়। এরপর সাথীর ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় শ্বশুর-শাশুড়ি। দেবর শাহেদকে বিদেশে পাঠাতে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে সাথীকে বারবার চাপ দিতে থাকে শ্বশুর রমজান মিয়া।

লিটন মিয়া আরো বলেন, বুধবার সন্ধ্যায় যৌতুক দিতে রাজী না হওয়ায় রমজান মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয় সাথীর। এক পর্যায়ে সাথীকে মারধর করে তারা। এতে অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যায়। সকালে আমাদের জানানো হয় সাথী মারা গেছে। দুপুরে হাসপাতালে গিয়ে দেখি লাশ হাসপাতালে রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আব্দুর রহিম বলেন, লাশের হাতে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। সাথীর স্বামীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!