বেশি দামে পেঁয়াজ বিক্রি, পাঁচ জেলায় ১৭ ব্যবসায়ীর দণ্ড
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় দেশব্যাপী দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছেন ২০-৩০ টাকা বেশি দামে। আবার অনেক ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করতে সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজ মজুদ করছেন। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে ও কৃত্রিম সংকট ঠেকাতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে পাঁচ জেলায় বাড়তি দামে পেঁয়াজ বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ১৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
ডেইলি বাংলাদেশের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন ইউএনও মো. শিবলী সাদিক।
তিনি জানান, কৃত্রিম সংকটের অজুহাতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় কালীগঞ্জ বাজারের মেসার্স আলভী ট্রেডার্সের মালিক আজগর আলী ও হৃদয় ট্রেডার্সের মালিক মোস্তাফিজুর রহমানকে জরিমানা করা হয়েছে।
এ সময় অধিক মুনাফার লোভে ক্রেতাদের ঠকালে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন ইউএনও শিবলী সাদিক।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চড়া দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খানম কসবা পুরাতন বাজারে এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, বিনা প্রয়োজনে পেঁয়াজের দাম বৃদ্ধি ও ক্রেতাদের ঠকানোর অভিযোগে কসবা পুরাতন বাজারের মেসার্স মোস্তাক ব্রাদার্সকে পাঁচ হাজার ও আরেক ব্যবসায়ী মহাদেব সাহাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
তিনি জানান, দেওয়ানগঞ্জ পৌর বাজারে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সরবরাহ ও ন্যায্য দাম নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এ সময় পাইকারি ও খুচরা দোকানে পেঁয়াজের দামের বিরাট ব্যবধান নজরে আসে। ৪৮ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১১০ টাকায়। এ কারণে পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান শরিফা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা ও আব্দুল মান্নান নামে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, যেকোনো মূল্যে পেঁয়াজ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে। কোনো ব্যবসায়ী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গাইবান্ধা: বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলার ছয় ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম, র্যাব-১৩ এর সিপিসি কমান্ডার মুন্না বিশ্বাস, জেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন।
গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, ৫৮ টাকার দেশি পেঁয়াজ ৮০ টাকায় ও ৪৬ টাকাত ভারতীয় পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি অভিযোগে জেলা সদরের পুরাতন বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা ও নতুন বাজারের এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন সাদুল্লাপুর উপজেলা শহরের প্রধান বাজারে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার খবর শুনে গাইবান্ধার বাজারগুলোতে পেঁয়াজের দাম বেড়েছে। এ কারণে গাইবান্ধার ডিসির নির্দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা: কুমিল্লায় পেঁয়াজের দাম বৃদ্ধি প্রতিরোধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার মনিটরিং টিম। এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার এসব অভিযান পরিচালনা করেন অধিদফতরের কুমিল্লা কার্যালয়ের সহাকারী পরিচালক মো.আসাদুল ইসলাম। এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর চকবাজারের পাইকারি পেঁয়াজের দোকানগুলোতে অভিযান চালানো হয়।
মো.আসাদুল ইসলাম বলেন, পেঁয়াজের আড়ত ও খুচরা দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মিথ্যা ঘোষণা দিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় পাঁচটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর দুটি স্থানে টিসিবির ট্রাকসেল মনিটরিং করা হয়।
এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহের বিভিন্ন জেলা-উপজেলায় পেঁয়াজের বাড়তি দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।