ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভাড়া না দেয়ায় গর্ভবতীসহ তিন পরিবারকে বের করে দিলেন বাড়িওয়ালা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ৬ সেপ্টেম্বর ২০২০
ভাড়া না দেয়ায় গর্ভবতীসহ তিন পরিবারকে বের করে দিলেন বাড়িওয়ালা
শিশু-গর্ভবতীসহ তিন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে (ছবি: ডেইলি বাংলাদেশ)

করোনা মহামারিতে কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে অনেকে স্থাপন করছেন মানবতার নজির। 

আবার অনেকেই করছেন তার বিপরীতও। ঠিক তেমনি ভাড়া দিতে না পারায় শিশু ও গর্ববতীসহ তিন পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে এক বাড়িওয়ালার বিরুদ্ধে।

আরো পড়ুন: হামলার সময় চিৎকারে যা বলেছিলেন ইউএনও

গত মঙ্গলবার(১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার কৈবল্যধাম মনির ভূঁইয়ার কলোনীতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আকবরশাহ থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

পেশায় ট্রাকচালক ভুক্তভোগী মোহাম্মদ মুজাহিদ বলেন, করোনার কারণে উপার্জনহীন হয়ে পড়েছি দীর্ঘদিন ধরে। তবুও খেয়ে-না খেয়ে প্রতিমাসে মালিককে বাড়ি ভাড়া দিয়েছি। বেশি সমস্যায় থাকায় গত দুই মাস ভাড়া দিতে পারিনি। এ জন্য মালিকের কাছে একমাস সময় চেয়েছিলাম, কিন্তু তিনি রাজি হননি।

বাড়ি থেকে বের করে দেয়ার পর তালা ঝুলিয়ে দেন বাড়িওয়ালা (ছবি: ডেইলি বাংলাদেশ)তিনি আরো বলেন, মঙ্গলবার রাতে এক কাপড়েই আমাদের তিন পরিবারকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এরপর থেকে দুই শিশু ও এক গর্ববতী নারী নিয়ে আমরা তিন পরিবার খোলা আকাশের নিচে বাস করছি।

আরেক ভুক্তভোগী আবলা দাশ বলেন, গত এক বছর ধরে স্বপ্না বেগমের বাসায় ভাড়ায় থাকি আমরা। করোনায় সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা খারাপ, এইটা তো সবাই জানে। কিন্তু বাড়িওয়ালা তা বুঝতে চান না।

আরো পড়ুন: যে কারণে সাগরে ভাসিয়ে দেয়া হলো কান্তার লাশ

এ ব্যাপারে জানতে চাইলে কথা বলতে রাজি হননি বাড়িওয়ালা স্বপ্না বেগম।

আকবরশাহ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, এসব বিষয় সামাজিকভাবে মীমাংসা করতে পারলে ভালো। তবুও আমরা দেখছি কি করা যায়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!