কথা বলতে বলতে ভবন থেকে পড়ে লাশ হলেন নারী
গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ছয়তলা ভবন থেকে পড়ে এক নারী মেডিকেল টেকনোলজিস্ট নিহত হয়েছেন।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সুস্মিতা মজুমদার ইভা গোপালগঞ্জ শহরের জনতা রোডের জগদীশ মজুমদারের মেয়ে। তার স্বামীর নাম রাজিব মজুমদার।
আরো পড়ুন: ভয়াবহ বিস্ফোরণের পরও মসজিদে অক্ষত আছে কোরআন!
গোপালগঞ্জের অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, শনিবার শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ছয় তলায় পিসিআর ল্যাব টেকনোলজিস্টদের প্রশিক্ষণ কর্মশালা চলছিল। ভবনের বারান্দায় ছয় প্রশিক্ষণার্থীর সঙ্গে কথা বলছিলেন বায়োটেক সার্ভিসের পিসিআর ইঞ্জিনিয়ার মহিবুল হাসান। এ সময় সুম্মিতা নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এদিকে খবর পেয়ে গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরো পড়ুন: মসজিদে বিস্ফোরণের ঘটনায় সহোদরের মৃত্যু
ডিসি শাহিদা সুলতানা বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। ঘটনাটি কীভাবে ঘটেছিল তা ক্ষতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে দুর্ঘটনা এড়াতে ভবনের বারান্দায় উঁচু রেলিং দিতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
অপরদিকে নিহতের চাচা শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. অনুপ কুমার মজুমদার বলেন, আমার ভাতিজি একা একা পড়তে পারে না। তাই তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।