ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কঙ্কালের পাশে প্যান্ট-শার্ট-জুতা দেখে ছেলেকে শনাক্ত করলেন বাবা

গাজীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ০৮:৫২, ১ সেপ্টেম্বর ২০২০
কঙ্কালের পাশে প্যান্ট-শার্ট-জুতা দেখে ছেলেকে শনাক্ত করলেন বাবা
নিখোঁজ সোহান ও উদ্ধার হওয়া কঙ্কাল

মহাসড়কের ওপর ময়লার স্তূপ, পড়ে আছে কঙ্কাল! পাশেই জিন্সের প্যান্ট শার্ট ও জুতা দেখে বাবা শনাক্ত করলেন কঙ্কালটি তার নিখোঁজ শিশুছেলে সোহানের। 

সোমবার দুপুরে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ির এলাকায় ময়লার স্তূপ থেকে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, কঙ্কালটি প্রায় মাস খানেক আগে নিখোঁজ হওয়া এক শিশুর বলে দাবি করেছেন তার স্বজনেরা। কঙ্কালের পাশে থাকা শার্ট, প্যান্ট ও জুতা দেখে কঙ্কালটি ওই শিশুর বলে দাবি স্বজনদের। ১০ বছর বয়সী সোহান শ্রীপুর পৌর এলাকা বহেরারচালা গ্রামের আব্বাস আলীর ছেলে। সে ওই গ্রামের আবুল প্রধান কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতো। আলামত দেখে প্রাথমিকভাবে তাদের ধারণা, আবর্জনার স্তূপে মরদেহটি পুড়িয়ে ফেলা হয়েছিল।

সোহানের মা নাজমা বেগম জানান, গত ৩ আগস্ট বিকেলে পাশের লিচু বাগান এলাকায় তার বোনের বাসায় যায় সোহান। তার বোনের কাছ থেকে টাকা নিয়ে সোহান পাশে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যায় প্রতিবেশী সফর উদ্দিনের ছেলে আজিজুল হকের সঙ্গে সোহানকে দেখেছে কয়েকজন। নাজমা বেগম অভিযোগ করেন, আজিজুল মাদকাসক্ত। ঘটনার পর থেকে আজিজুল পলাতক রয়েছে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, কঙ্কালটি নিখোঁজ থাকা শিশু সোহানের কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষা করার জন্য পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!