ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জামিন পেলেন রূপপুর বালিশকাণ্ডের অন্যতম হোতা শাহাদাত

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩১, ৩১ আগস্ট ২০২০
জামিন পেলেন রূপপুর বালিশকাণ্ডের অন্যতম হোতা শাহাদাত
বালিশকাণ্ডের অন্যতম হোতা শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আলোচিত বালিশকাণ্ডের অন্যতম হোতা ঠিকাদার শাহাদাত হোসেন জামিন পেয়েছেন। পাবনা জেলা ও দায়রা জজ মকবুল আহসান তার জামিন আবেদন মঞ্জুর করেন।

ঠিকাদার শাহাদাত হোসেন সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের মালিক। বৃহস্পতিবার সকালে জামিন পেয়েছেন তিনি। ওই সময় দুদকের আইনজীবী ওবাইদুল হক ও আব্দুল জাহিদ রানা উপস্থিত ছিলেন। তবে ওইদিন এ খবর কাউকে জানানো হয়নি।

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা জামিনের কাগজপত্র এখনো হাতে পাইনি। গত বছর মামলা হওয়ার পর থেকেই তিনি কারাগারে ছিলেন। বিভিন্ন সময়ে আদালতে জামিন আবেদন করলেও সে আবেদন নাকচ করে দেন বিচারক।

মামলার এজাহারে বলা হয়েছে, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের দুটি ভবনের জন্য কেনা বালিশের মধ্যে একটি বালিশের পেছনে ব্যয় দেখানো হয়েছে ছয় হাজার ৭১৭ টাকা। এর মধ্যে বালিশের দাম পাঁচ হাজার ৯৫৭ টাকা এবং সেই বালিশ ফ্ল্যাটে ওঠানোর খরচ ৭৬০ টাকা দেখানো হয়। এভাবে অন্যান্য আসবাবর ও সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। এই দুর্নীতি ও অনিয়মে ৩১ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক। এর মধ্যে দুটি মামলায় শাহাদাতের নাম রয়েছে। মামলার পরই ১৩ আসামিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

দুদকের আইনজীবী ওবাইদুল হক বলেন, জামিন মঞ্জুর হওয়ার পর পরই আমরা সার্টিফাইড কপির জন্যে আবেদন করেছি। কপি পেলে দুদক ঢাকা কার্যালয়ে পাঠিয়ে দেব। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেটাই আমরা অনুসরণ করব।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!