প্রবাসীর স্ত্রীর বাসায় মধ্যরাতে পুলিশ সদস্য, হাতেনাতে ধরে উত্তম-মধ্যম
মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। পরে ওই প্রবাসী স্ত্রী ও তাকে মারধর করে তারা। বৃহস্পতিবার রাত ১টার দিকে হাটহাজারী পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পুলিশ সদস্যের নাম রিমন চৌধুরী। বর্তমানে তিনি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আর ওই প্রবাসীর স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ওই নারীর স্বামী মধ্যপ্রাচ্য প্রবাসী। ৮ বছরের একটি মেয়ে ও ৫ বছরের একটি ছেলে নিয়ে তিনি ইস্টার্ন আবাসিক এলাকায় ভাড়া থাকেন। তার সঙ্গে দীর্ঘদিন ধরে রিমন চৌধুরীর পরকীয়া চলছে।
তারা আরো জানায়, বৃহস্পতিবার রাতে রিমন চৌধুরী ওই নারীর বাসায় যান। বিষয়টি জানতে পেরে ওই নারীর স্বামী ও ভাসুরদের খবর দেয় স্থানীয়রা। পরে ওই প্রেমিক যুগলকে মারধর করে। পরদিন সকালে ৯৯৯-এ কল করে বিষয়টি জানায় তারা। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ এসে প্রেমিক যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তাদের আলাদা হাসপাতালে ভর্তি করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি মুহাম্মদ মাসুদ আলম জানান, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।