ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহীর ড্রেনে কচুরিপানার মতো ভাসছে টাকা, দেখুন ভিডিওতে

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ২২ আগস্ট ২০২০
রাজশাহীর ড্রেনে কচুরিপানার মতো ভাসছে টাকা, দেখুন ভিডিওতে
ছবি- সংগৃহীত

ড্রেনে কালো পানির স্রোত। এর আশেপাশে হাঁটলেও নাক সিটকাতে বাধ্য যেকেউ। অথচ সেখানেই হুমড়ি খেয়ে নামছে শিশু-কিশোর থেকে সব বয়সীরা। হাত দিলেই মিলছে হাজার হাজার টাকা। এমনকি পাওয়া যাচ্ছে প্রাইজবন্ডও।

শনিবার দুপুরের দিকে রাজশাহী মহানগরীর রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনে মালিক সমিতির অফিস ও মহাসড়ক সংলগ্ন ড্রেনে এভাবেই টাকা মেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকেই ৫০ হাজার টাকার বান্ডিলও পেয়েছেন। এমনকি ২০ হাজার টাকার বান্ডিল এবং ৫০০, ১০০, ২০, ১০ ও ৫ টাকার নোটও কুড়িয়ে পেয়েছেন। এছাড়াও ১শ’টাকার কিছু প্রইজবন্ড ও বিভিন্ন ধরনের কাগজ পাওয়া গেছে।

টাকা ধরতে ড্রেনে হুমড়ি খেয়ে নামছে শিশু-কিশোর থেকে সব বয়সীরা।

জনমনে প্রশ্ন, রাজশাহীর ড্রেনে হাজার হাজার টাকা কোথা থেকে এলো? জানা গেছে, টাকাগুলো রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের। নগরীর শিরোইল এলাকায় সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়। সেখানকার পুরনো কাগজপত্রের সঙ্গে থাকা টাকার বান্ডেল খেয়াল না করেই ফেলে দেয়া হয়েছিল।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়ে, এগুলো দুর্নীতি করে জমানো টাকা। ভয়ে ড্রেনে ফেলে দেয়া হয়েছে। যা পুরোপুরি গুজব। এ প্রসঙ্গে বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, টাকা এবং কাগজগুলো মোটর মালিক সমিতির বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রাজশাহী সড়ক পরিবহনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিল হক টিটো জানিয়েছেন, চার বছর পূর্বে ক্যাশিয়ার শামসুজ্জোহা বকুলের থেকে দুই লাখের কিছু বেশি টাকা খোয়া যায়। তবে পুরনো কাগজের সঙ্গে সেই টাকাই ড্রেনে ফেলা হয়েছে কি-না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!