[ দেশজুড়ে ]
বিদ্যুতের তারে ভেজা লুঙ্গি, প্রাণ গেল দুই ভাইয়ের
ঝিনাইগাতী থানা
শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুতের তারে ভেজা লুঙ্গি শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সদর ইউপির বন্দভাটপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ আলী ও ইয়াকুব আলী বন্দভাটপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে।
মৃতের স্বজনরা জানায়, বিকেলে ইয়াকুব আলী গোসল সেরে ভেজা লুঙ্গি বিদ্যুতের তারে শুকাতে দেয়। এ সময় বিদ্যুতায়িত হয়ে সে ওই তারের সঙ্গে ঝুলে পড়ে। ছোট ভাইকে বাঁচাতে ইউসুফ আলী স্পর্শ করে ইয়াকুবকে। এ অবস্থায় দুই জনেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী হারুন মোল্লা জানান, ওই দুই ভাইয়ের প্রত্যেকের দুটি করে সন্তান রয়েছে। বড় ভাই ইউসুফ আলী ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন। আর ছোট ভাই ইয়াকুব আলী একজন কৃষক। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইগাতী থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!