ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হত্যার ৯ বছর পর গৃহবধূ জীবিত উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ১৪ আগস্ট ২০২০
হত্যার ৯ বছর পর গৃহবধূ জীবিত উদ্ধার
উদ্ধার হওয়া রৌশন আরা বেগম রিক্তা

হত্যার পর লাশ গুমের শিকার হওয়া এক গৃহবধূকে নয় বছর পর জীবিত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নারীর নাম রৌশন আরা বেগম রিক্তা। বৃহস্পতিবার রাতে রংপুর সদর উপজেলার কামালকাছনা শালবন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায় দীর্ঘদিন কারাগারে ছিলেন নিহতের স্বামীসহ আরো চারজন। আসামিদের হয়রানি করতে এমন ঘটনা সাজিয়ে মামলা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

রিক্তা জানান, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি এত দিন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। এছাড়া তিনি আল্লাহর পথে কাজ করেছেন।

জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কুপতলা গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে রিক্তার বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য তার ওপর অত্যাচার করতে থাকেন শ্বশুরবাড়ির লোকজন। এ অবস্থায় ২০১১ সালের ২২ জুলাই নিখোঁজ হন রিক্তা।

এ ঘটনায় রিক্তাকে হত্যা করে লাশ গুমের অভিযোগ এনে গাইবান্ধা সদর থানায় মামলা করেন তার বড় বোন মুক্তা বেগম। মামলায় আসামি করা হয় রিক্তার স্বামী রফিকুলসহ চারজনকে।

কিছুদিন আগে রিক্তার স্বামী থানায় এসে জানান, মিথ্যা অভিযোগে তাদের হয়রানি করা হচ্ছে। প্রকৃতপক্ষে রিক্তা রংপুরের কোনো এক স্থানে আত্মগোপনে রয়েছেন। এ তথ্যের ভিত্তিতে রিক্তার খোঁজে নামে পুলিশ। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে রংপুরের শালবন এলাকা থেকে কথিত মৃত রিক্তাকে উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!