[ দেশজুড়ে ]
গোয়ালঘর নির্মাণে বাধা, বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করলো প্রতিপক্ষরা
ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরার কালিগঞ্জে গোয়ালঘর নির্মাণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে আমেনা বেগম নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম ওই এলাকার ইসমাইল গাজীর স্ত্রী।
পুলিশ জানায়, কৃষ্ণনগর গ্রামের আমেনা বেগমের তিন ছেলে রহিম বক্স, মনোয়র হোসেন ও আব্দুর রউফ বৃহস্পতিবার বিকেলে তাদের সীমানায় একটি গোয়ালঘর নির্মাণ করছিল। ঘরের চালের পানি প্রতিবেশী মোসলেম গাজী ও এশার আলীর জমিতে পড়বে এমন অভিযোগে তারা গোয়ালঘর নির্মাণে বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে মোসলেম ও এশার আলীসহ তাদের পরিবারের সদস্যরা আমেনা বেগমের তিন ছেলের উপর হামলা করে। বিরোধ থামাতে গেলে আমেনা বেগমের ওপর কয়েকটা লাঠির আঘাত লাগে। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতলের মর্গে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!