বগুড়ায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
বগুড়ার শিবগঞ্জে মঙ্গলবার সকালে আয়া দিয়ে একটি ক্লিনিকে প্রসূতির সন্তান ভূমিষ্ঠ করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ এ ঘটনায় একতা ক্লিনিক নামে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রব্বানীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রসূতিকে ক্লিনিক থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বগুড়া সদরের আশোকলা এলাকার নজরুল ইসলামের সন্তান সম্ভবা স্ত্রী কামরুন্নাহার শিবগঞ্জে তার পিতার বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার সকালে তার প্রসব বেদনা উঠলে পরিবারের পক্ষ থেকে একতা জেনারেল হাসপাতাল নামে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। তবে সেখানে কোনো চিকিৎসক ও নার্স ছিলেন না। ক্লিনিক কর্তৃপক্ষ আয়া দিয়ে প্রসূতির সন্তান ভূমিষ্ঠ করান।
রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভালো চিকিৎসক দিয়ে উন্নত ব্যবস্থায় প্রসূতির সন্তান ভূমিষ্ঠ করার মিথ্যা প্রলোভন দেয়া হয় তাদের। বাস্তবে সেখানে এর কিছুই ছিলো না। অদক্ষ ব্যবস্থায় সন্তান প্রসব করানোর ফলে নবজাতক মারা যায়।
শিবগঞ্জ থানার ওসি বদিউজ্জজামান জানান. নবজাতকের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।