চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগে ডাক্তারকে লাঞ্ছিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিকিৎসা-সেবা না পেয়ে জ্বর-সর্দি নিয়ে কাজী আলমগীর নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ সময় জরুরি বিভাগের চিকিৎসক ডা. অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন রোগীর স্বজনরা। শনিবার টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইয়ার আলী মুন্সী বলেন, শনিবার সকালে জ্বর-সর্দি নিয়ে ওই রোগী আমাদের কাছে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করার কার্যক্রম শুরু করি। এরমধ্যে ওই রোগী সকাল ৮টার দিকে মারা যায়। রোগীর আত্মীয় গাজী তরিকুল ও তার সঙ্গে আসা ৩/৪ জন লোক চিকিৎসক ডা. অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ডাক্তারকে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সব চিকিৎসকের মতামত এবং করোনাকালীন সময়ে চিকিৎসা সেবা ব্যহত করে আমরা কোনো কর্মসূচি না দিয়ে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে চিকিৎসকদের পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।