গভীর রাতে আগুনে পুড়ল মসজিদসহ ২০ দোকান
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি নির্মাণাধীন মসজিদসহ ২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন দোকানের মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দেয়। চারটি ইউনিটের চেষ্টায় সকাল ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুনে বাতুর রহমান জামে মসজিদ, ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, মুরগির দোকান এবং ভাঙারির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
আগুনে ক্ষতিগ্রস্ত একটি স্যানিটারি দোকানের মালিক রফিক জানান, পাশের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। তার দাবি, আগুনে মসজিদসহ ১২টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে আগুনের শিখা দেখে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ইসলাম ভূঞা। তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত দোকানিদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে।