ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রীবরদীতে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ২২ অক্টোবর ২০২৬
শ্রীবরদীতে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদীতে খালের পানিতে পড়ে থাকা প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি সেতুর নিচে মরদেহটি পাওয়া যায়। ওই নারীর পরিচয় ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে খালের পানিতে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় লোকজনের। পরে তাঁরা বিষয়টি গ্রাম পুলিশকে জানান। গ্রাম পুলিশ ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে শ্রীবরদী থানা-পুলিশকে খবর দেন।

কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ খান নুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঘটনাটি জানার পর তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তাঁর ধারণা, কেউ মরদেহটি সেখানে ফেলে রেখে যেতে পারে। দ্রুত ওই নারীর পরিচয় শনাক্ত করার পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহত নারীর পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর মৃত্যুর কারণ এবং কীভাবে তাঁর মরদেহ ড্রামের ভেতরে এল, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/শেরপুর/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!