ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টায় দুই খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৭, ১ জুলাই ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টায় দুই খুন
সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেম ও মাটি কাটা নিয়ে বিরোধের জেরে এক ঘণ্টার ব্যবধানে দুইজনকে খুন করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার পৌর এলাকার বনিকপাড়া ও সাড়ে ৭টায় মজলিশপুরের ইউপির আনন্দপুরে এসব ঘটনা ঘটে।

নিহত শুভ হোসেন পৌর এলাকার কান্দিপাড়ার মকবুল হোসেনের ছেলে। নিহত শিশু মিয়া আনন্দপুরের কফিল উদ্দিনের ছেলে।

শুভ হোসেনের বন্ধু মনা মিয়া জানান, বনিকপাড়ার তুষারের সঙ্গে শুভ’র ছোটবোন সাজিয়ার প্রেম ছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সন্ধ্যায় বনিকপাড়া সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শুভকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তুষার, প্রান্তসহ ১০-১২ জন। এরপর তাকে হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকায় স্থানান্তর করেন। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরো জানা গেছে, মজলিশপুরের আনন্দপুরে জমির মাটি কাটা নিয়ে ফুফাতো ভাই উজ্জ্বল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় শিশুর মিয়ার। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিশু মিয়া টেঁটাবিদ্ধ হন। এরপর তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শুভ হোসেন হত্যায় একটি রক্তমাখা ছুরিসহ তুষার ও প্রান্তকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শিশু মিয়া হত্যায় জড়িত উজ্জ্বল মিয়া ও বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এসব ঘটনায় পৃথক মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!