ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাসপাতালের বিল মেটাতে সন্তান বিক্রি, ফিরিয়ে আনলেন পুলিশ কর্মকর্তা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ২ মে ২০২০
হাসপাতালের বিল মেটাতে সন্তান বিক্রি, ফিরিয়ে আনলেন পুলিশ কর্মকর্তা
ছবি: ডেইলি বাংলাদেশ

পুলিশের মহানুবতায় গাজীপুরে এক পোশককর্মী দম্পতি ফিরে পেলেন বিক্রিত সন্তান। হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে এ দম্পতি বিক্রি করেন ১১ দিনের সন্তান। ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকার সেন্ট্রাল হাসপাতালে।

সন্তান প্রসবের পর হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন এ দম্পতি। পরে সন্তান বিক্রির ২৫ হাজার টাকা দিয়ে হাসপাতালের বিল পরিশোধ করেন শরীফ কেয়া দম্পত্তি। বিল মিটিয়ে সন্তান ছাড়াই বাড়ি ফেরেন তারা। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে এলে ওই শিশু সন্তানটিকে তার বাবা-মার কাছে  ফেরত এনে দেন পুলিশ কর্তৃপক্ষ। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন। ঘটনার সত‌্যতা জানতে পেরে দ্রুত পদক্ষেপ নেন তিনি। নিজেই টাকা পরিশোধ করে সন্তানকে তার মার কোলে ফিরিয়ে দেন তিনি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২১ এপ্রিল কেয়া খাতুন নামে এক গর্ভবতী নারী কোনাবাড়ী এলাকায় অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। ওইদিনই সিজারের মাধ্যমে তার একটি ছেলে সন্তান হয়। তার স্বামী  মো. শরীফসহ তারা মহানগরের এনায়েতপুর এলাকায় বসবাস করে পোশাক কারখানায় চাকরি করে আসছিলেন। কেয়া খাতুন ওই হাসপাতালে ১১ দিন ভর্তি ছিলেন। এতে হাসপাতালের বিল আসে ৪২ হাজার টাকা। এতো টাকা পরিশোধ করার মত সামর্থ্য ছিলো না মো. শরীফ- কেয়া খাতুন দম্পতির। একপর্যায়ে হাসপাতালের বিল পরিশোধের জন্য সন্তান বিক্রির সিদ্ধান্ত নেন। পরে ১ মে শুক্রবার ২৫ হাজার টাকায় তাদের ১১ দিন বয়সী সন্তান বিক্রি করে দেন। সেই টাকায় হাসপাতালের বিল পরিশোধ করে বাড়ি ফিরে যান ওই দম্পতি।

পরবর্তীতে বিষয়টি পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক (আইজি-এসবি) শহিদুল ইসলামের নজরে আসে। পরে তিনি গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনারকে বিষয়টি অবগত করেন। একপর্যায়ে গাজীপুর  মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন ২৫ হাজার টাকা ফিরিয়ে দিয়ে ওই শিশুটিকে  ফেরত আনেন।

ছবি: ডেইলি বাংলাদেশপরে শরীফ-কেয়া দম্পতির সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দেন মো. আনোয়ার হোসেন। মায়ের কোলে তুলে দেন ফুটফুটে শিশুটিকে। পাশাপাশি তাকে লালন-পালনের জন্য আরো পাঁচ হাজার টাকা দেন ওই দম্পতিকে।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার কমিশনার মো. আনোয়ার  হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক। অ্যাডিশনাল আইজি (এসবি) স্যারের মাধ্যমে ঘটনাটি শোনার পর খুব খারাপ লেগেছিল। খোঁজ-খবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সন্তানটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। 

ওই দম্পতি পোশাক কারখানার কর্মী। দরিদ্রতার অভাবে হাসপাতালের বিল পরিশোধ করতে পারছিলেন না। পরে বাধ্য হয়ে সন্তানটিকে বিক্রি করে দেন। সেই টাকা দিয়ে হাসপাতালের বিল পরিশোধ করেন।

এদিকে মায়ের কোলে সন্তান ফিরিয়ে দেয়ার ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। অনেকে পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়ে তার প্রশংসা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!