মুন্সিগঞ্জে বোমা বিস্ফোরণে তিন স্কুলছাত্র আহত
মুন্সিগঞ্জের গজারিয়ায় বোমা বিস্ফোরণে তিন স্কুলছাত্র আহত হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার চরবাউশিয়া বড়কান্দি গ্রামের মহসিন প্রধানের বাড়িতে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত অবস্থায় মো. হাসান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপর আহত সাকিবুল ইসলাম ও মো. রাব্বি মিয়াকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা উপজেলার বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
গজারিয়া থানার ওসি মো. ইকবাল হোসেন বোমা বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, চরবাউশিয়া বড়কান্দি গ্রামের মহসিন প্রধানের বসত-ঘরের ভেতর বসে তার ছেলে সাকিবুলসহ তিন স্কুলছাত্র টেলিভিশন দেখছিল। তারা মামাত-ফুপাত ভাই। টেলিভিশন দেখার এক পর্যায়ে বসত-ঘরের ভেতর বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাসান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরো জানান, বোমা বসত-ঘরের ভেতর মজুদ ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে। টেলিভিশন দেখার সময় পাশের কক্ষ থেকে বালিশ আনতে গেলে ওই বোমার বিস্ফোরণ ঘটে। তবে স্কুল ছাত্রদের অবস্থা খারাপ থাকায় বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।