ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সন্তান বিক্রি করে অপহরণ নাটক সাজান বাবা!

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২০
সন্তান বিক্রি করে অপহরণ নাটক সাজান বাবা!
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

বাবা নিজেই চার মাসের শিশুকে বিক্রি করে সাজিয়েছেন অপহরণের নাটক। থানায় মামলাও করেছেন। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার একটি অপহরণ মামলার তদন্তে এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা বেরিয়ে এসেছে।

এ ঘটনায় বুধবার থেকে রোববার পর্যন্ত টানা চারদিন অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করে পুলিশ। পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, অস্বাভাবিক কান্নাকাটি ও মায়ের বুকের দুধ না খাওয়ায় হুজুরের কাছে নিয়ে যাওয়ার নাম করে শিশুটিকে বাইরে নিয়ে বিক্রি করে দেন চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকার অস্থায়ী বাসিন্দা মো. ইসহাক।

এরপর বাসায় ফিরে স্বামীর কোলে সন্তানকে দেখতে না পেয়ে স্ত্রী তামান্না সুলতানা জিজ্ঞেস করলে তিনি বলেন, বাচ্চা কান্নাকাটি করলে অপরিচিত এক মহিলা এসে তাকে কোলে নেন। বাচ্চাটি বেশ কিছুক্ষণ মহিলার কোলে ছিল। এরপর সে সিগারেট খেতে গেলে মহিলাটি বাচ্চা নিয়ে নিরুদ্দেশ হয়ে যান।

পরে এ ঘটনায় স্ত্রী তামান্না সুলতানা বাদী হয়ে চান্দগাঁও থানায় অপহরণ মামলা দায়ের করেন।

চান্দগাঁও থানার এসআই কাজল সরকার বলেন, শিশুটি বিক্রি করে দিয়েছিল তারই বাবা। কিন্তু তা গোপন করে অপহরণের নাটক সাজান। পরে আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখতে পাই, তিনি স্বেচ্ছায় বাচ্চাটিকে বিক্রি করে দিয়েছেন। পরবর্তীতে তিনি আমাদের কাছে বিষয়টি স্বীকার করেন এবং আর্থিক অভাবের কারণে বিশ হাজার টাকার বিনিময়ে বাচ্চাটি বিক্রি করার কথা জানান।

এসআই আরো বলেন, শিশুর বাবার দেয়া তথ্য অনুযায়ী রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে প্রথমে রোজিকে আটক করি। পরে রোজির দেয়া তথ্য অনুযায়ী দফায় দফায় অভিযান চালিয়ে পর্যায়ক্রমে কামাল, নাজমা এবং নাসিমা নামের আরো তিনজনকে গ্রেফতার করি এবং রাউজান থেকে শিশুটি উদ্ধার করি।

এ চক্রটি দীর্ঘদিন ধরে শিশু বিক্রির কাজে জড়িত রয়েছে বলেও জানিয়েছেন এসআই কাজল সরকার।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!