বিয়ের প্রস্তাব প্রত্যাখান, পরীক্ষার্থীকে অপহরণ করলো বখাটে
ফেনীর দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে আশরাফুল আলম হৃদয় নামে এক যুবক ও তার সহযোগীরা।
বুধবার দুপুরের দিকে স্কুলে যাওয়ার সময় পৌরসভার বেতুয়া গ্রামের সোহেল আমিন বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দাগনভূঞা বাজার স’মিলের মালিক মিয়া কোম্পানি জানান, ঘটনার সময় মিয়া কোম্পানি ওই স্থান দিয়ে যাচ্ছিলেন। তখন ৭-৮ জন যুবক মেয়েটির গতিরোধ করে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেয়ার সময় তিনি অপহরণকারীদের হাত থেকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তার সঙ্গে হাতাহাতি হয়। অপহরণকারীরা সংখ্যায় বেশি হওয়ায় তিনি ছাত্রীকে উদ্ধারে ব্যর্থ হন।
মেয়ের মা দাবি করেন, দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল বখাটে হৃদয়। এই বিষয়টি তারা স্থানীয় ইউপি সদস্য মো. শাহীনকে অবহিত করেন। একপর্যায়ে বখাটে হৃদয় বিয়ের প্রস্তাব পাঠায়। তারা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে বুধবার অপহরণ করে হৃদয় ও তার সহযোগীরা।
দাগনভূঞা থানার ওসি আসলাম শিকদার জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ছেলের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। অভিযুক্তকে আটক ও ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।